ছাত্রলীগের কাউন্সিল কাল নেতৃত্ব চান বিতর্কিতরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার। নতুন কমিটিতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্যই দৌড়ঝাঁপ করছেন ৩০ জনের মতো নেতা-কর্মী; যাঁদের অধিকাংশই বিভিন্ন সময়ে নানা অপকর্মের জন্ম দিয়ে বিতর্কিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আলোচিত পদপ্রত্যাশীদের একটি বড় অংশের বিরুদ্ধে হত্যা মামলা, চাঁদাবাজি, ছিনতাই ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। অনেকের আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বও নেই। কেউ কেউ কাউন্সিলের আগমুহূর্তে এসে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। প্রার্থীরাও আনছেন একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, কাউন্সিল অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। যোগ দেবেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ ২০১০ সালের ২৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। আলোচিত প্রার্থীদের মধ্যে রাজশাহী জেলার রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, মাদার বখ্শ হল ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইবনে তানিম, উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শেরেবাংলা হলের সভাপতি রাশেদুল ইসলাম ও সদস্য ফয়সাল আহমেদ এবং গোলাম কিবরিয়া। রাজশাহীর বাইরের রয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা শরীফুল ইসলাম, সহসভাপতি খালিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম বি আমিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক, উপপ্রচার সম্পাদক সাহানুর রহমান, দপ্তর সম্পাদক আতিকুর রহমান। একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, আলোচিত এই নেতাদের মধ্যে শরীফুল ইসলাম ও ইলিয়াস হোসেনের ছাত্রত্ব শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। তবে ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র শরিফুল ইসলাম দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকলেও বর্তমানে সন্ধ্যাকালীন এমবিএতে ভর্তি হয়েছেন বলে দাবি করেন তিনি। আলোচিত ব্যক্তিদের মধ্যে তৌহিদ আল তুহিন, তানিম ও আতিকুর রহমান দলীয় কর্মী সোহেল হত্যা মামলার অন্যতম আসামি।খালিদ হোসেন ছাত্রলীগের কর্মী নাসিম হত্যা মামলার আসামি। তবে খালিদ হোসেন মামলার ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে যে মামলা আছে, তার বাদী ইতিমধ্যে আমার নাম প্রত্যাহার করে অ্যাফিডেভিট করেছেন।’ সাংগঠনিক সম্পাদক ফিরোজ মাহমুদ জেলা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদকের পদে থাকায় সৃষ্টি হয়েছে বিতর্কের। তবে ওই নেতা দাবি করেন, তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রাজনীতি করতে গেলে অনেক সময় নানা অভিযোগ আসে। সব মিলিয়ে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে পারবে—এমন কাউকেই নেতৃত্বে আনা উচিত। কাউন্সিল সামনে রেখে সবার মধ্যে প্রতিযোগিতা চলছে। এটা যেন সুষ্ঠু হয়।’কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘সংগঠনের জন্য যাঁদের ত্যাগ রয়েছে, তাঁদেরই নেতৃত্বে আসা উচিত। যাঁরা খুনের আসামি, চাঁদাবাজির জন্য অভিযুক্ত, ছাত্রত্ব নেই, তাঁদের ছাত্ররাজনীতিতে লেগে থাকা উচিত নয়।’বর্তমান সভাপতি আহম্মেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, কাউন্সিল আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, উৎসবমুখর পরিবেশে কাউন্সিল সম্পন্ন হবে।