ছাত্রলীগের কাছে প্রশাসনের নতি স্বীকার, তবুও নিরাপত্তাহীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে নতি স্বীকার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শাখা কর্মকর্তা পদে ছাত্রলীগের পছন্দের দুই প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা পদে পছন্দের প্রার্থী নিয়োগ না দেওয়ায় ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ জামাল হোসেনকে মারধর করেন। এ ঘটনার পর গতকাল রোববার প্রশাসন এ চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনেই নিয়োগ দেওয়া হয়েছে।কিন্তু এর পরও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত পরশু ওই ঘটনার পর গতকাল প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ভয়ে ক্যাম্পাসে আসেননি। গণসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে এলেও দপ্তরে বসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ছাত্রলীগের কর্মীরা গতকাল ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ছিল। আমরা যেকোনো মুহূর্তে হামলার শিকার হতে পারি।’ খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সকালে উপাচার্য নিজের কার্যালয়ে রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্রলীগের দুই নেতাকে নিয়ে জরুরি সভা করেন। এ সময় ছাত্রলীগের দাবি অনুযায়ী শাখা কর্মকর্তা পদে মো. শফিকুল ইসলাম এবং এ টি এম শফিকুর রহমানকে চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে উপাচার্যের কার্যালয়ের কর্মচারীকে মারধরের ঘটনায় মনোবিজ্ঞান বিভাগের প্রধান কাজী সাইফুদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর কাজী আসাদুজ্জামান ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মদ ইমরান হোছাইন। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উপাচার্য। উপাচার্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিষয়টি আমরা দেখছি। অবশ্যই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’