ছাত্রলীগের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার রাত ১২টা ১৫ মিনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের গেট। এক পাশে ফুল হাতে দাঁড়িয়ে আছেন ১৫-২০ জন শিক্ষার্থী। অপর পাশে ২৫-৩০ জন। ফুল হাতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিলেন শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার জন্য। অপর পাশের শিক্ষার্থীরা ফুল দিয়ে হলে ফিরে এসেছেন। কিন্তু উভয় পক্ষকে থামিয়ে দিয়েছে হলগেটের তালাটি।ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে প্রবেশ করতে পারেন, এই অজুহাতে ওই রাতে হলগেটে তালা ঝুলিয়ে দেন হলের নেতা-কর্মীরা। ফলে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেননি অনেক শিক্ষার্থী।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী রাত সাড়ে ১১টার দিকে হল থেকে বেরিয়ে যান। এর পরপরই হলগেটে তালা ঝুলিয়ে দেন বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের জন্য বহিষ্কৃত ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেন। রাত ১২টার দিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশে কিছু ছাত্র হলগেটে এসে আটকে যান তালার কারণে। শিক্ষার্থীরা তালা খুলে দেওয়ার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের অনুরোধ করলেও তালা খোলা হয়নি। তখন ওই শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ফিরে যান। ইতিমধ্যে শহীদ মিনারে ফুল দেওয়া শেষে ২৫-৩০ জন শিক্ষার্থী হলগেটে এসে জড়ো হন। কিন্তু গেটে তালা থাকায় তাঁরাও হলে ঢুকতে পারেননি। রাত একটার দিকে ছাত্রলীগের কর্মীরা হলগেটের তালা খুলে দিলে গেটের বাইরে অবস্থানকারী শিক্ষার্থীরা হলে ঢোকেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘চারটি গাঁদা ফুল সংগ্রহ করেছিলাম। ইচ্ছা ছিল, শহীদ মিনারে দিয়ে আসব। কিন্তু যথাসময়ে হল থেকে বের হতে পারিনি। সকালে (সোমবার) বাসি ফুল দিয়েই শহীদদের প্রতি সম্মান জানাতে হবে।’ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের কর্মীরা হলে ঢুকতে পারে, এমন সংবাদ পাওয়ার পর নিরাপত্তার জন্যই হলগেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।’হল প্রাধ্যক্ষ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা ঘটে থাকলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।