আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের বদনাম হচ্ছে। যাঁরা সত্যিকারের সুস্থ রাজনীতি করেন, তাঁরা এসব কর্মকাণ্ড করতে পারেন না।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে প্রখ্যাত পরমাণুবিজ্ঞনী ও প্রধানমন্ত্রীর স্বামী এম এ ওয়াজেদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।এদিকে পুরোনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবকাঠামো পরিদর্শনের পর সাংবাদিকদের আইন প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলী এখনো অভিযুক্ত যুদ্ধাপরাধী নন। শুধু তিনিই নন, কেউ-ই এখনো অভিযুক্ত নন। তবে তদন্ত সংস্থার দেওয়া প্রতিবেদনে তাঁর নাম এলে অবশ্যই বিচার করা হবে।প্রেসক্লাবের আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন কামরুল ইসলাম। তিনি বলেন, ছাত্রলীগকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদেরা ব্যবহার করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ওয়াজেদ মিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্ররাজনীতি করলেও তিনি লেখাপড়া ও নিজের পেশাজীবন নিয়ে বিভ্রান্ত হননি। তাই ভালো ফলাফল ও আন্তর্জাতিক মানের পরমাণুবিজ্ঞানী হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন।আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ‘এখন ছাত্রনেতারা বলেন, রাজনীতির কারণে পরীক্ষায় ফল খারাপ হয়। আমরা যারা ষাটের দশকে রাজনীতি করেছি, এটা আমাদের পীড়া দেয়। কারণ রাজনীতি নিঃস্বার্থভাবে করতে হয়। একটি আদর্শে দীক্ষিত হয়ে রাজনীতির পথে হাঁটতে হয়।’ আলোচনা সভায় আওয়ামী লীগের সাংসদ আবদুল মতিন ছাত্ররাজনীতির নামে যারা সন্ত্রাস করছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।