প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত রোববার স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২ জুলাই উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলামের সঙ্গে পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় নজরুলসহ উভয় পক্ষের আটজন আহত হন। এর জেরে ওই দিন সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষ ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে মিছিল বের করে।