বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সংসদ গত রোববার রাতে এ কমিটির কার্যক্রম স্থগিত করে।
গতকাল সোমবার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন এ কথা নিশ্চিত করেন।
মোবারক হোসেন বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি দেওয়া হবে। ২০১৩ সালের ৯ মে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মাস ধরে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছাত্রী হয়রানি, শিক্ষক লাঞ্ছনা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনেন মধ্যম ও নিচের সারির নেতা-কর্মীরা। সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেক নেতার বিরুদ্ধে চারটি পৃথক মামলা চলমান আছে।