ছাত্রলীগের কেউ এখনো গ্রেপ্তার হয়নি, ধর্মঘটে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের এক শিক্ষককে মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। মামলার পর ৭২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে আজ সোমবার থেকে আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যতীত কলেজের সব কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশীদকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সে সময় বিভাগের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমারিও ভাঙচুর করেন তাঁরা। এ ঘটনায় খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি ও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দাশ, দীপংকর ও দিদারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ জনকে আসামি করে রাতেই দৌলতপুর থানায় মামলা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান।
এ ঘটনায় কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল এবং ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ, দীপংকর, দিদার, তরিকুল, ইমরানসহ ছয় নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে মহানগর ছাত্রলীগ।
গতকাল রোববার বিকেলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বেলা দুইটার দিকেও অভিযান চালানো হয়েছে। তবে আসামিরা পলাতক থাকায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।