ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছে। সংগঠনটি ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে যেতে বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাধার মুখে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ফিরে যান। এতে গতকাল ক্লাস ও পরীক্ষা হয়নি।ক্যাম্পাস সূত্র জানায়, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতাস্তম্ভের পাদদেশে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি মাহমুদুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এ সময় তাঁরা বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবি করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। পরে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ এইচ এম কামাল বলেন, ক্লাস ও পরীক্ষা কোনোটিই হয়নি। এ পরিস্থিতিতে জরুরি প্রক্টরিয়াল সভা হয়। পরে বর্জন কর্মসূচি প্রত্যাহারের জন্য ছাত্রলীগের নেতাদের আহ্বান জানানো হয়।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাকিবুল হাসান বলেন, তাঁরা কাউকে ক্লাসে যেতে বাধা দেননি। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের ডাকে সাড়া দিয়ে ক্লাসে যাননি।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।প্রসঙ্গত, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।