বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গুন্ডাপান্ডারা পুলিশের সামনেই গুলি করেছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ১৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে রফিকুল ইসলাম মিয়া এসব কথা বলেন।জনসমাবেশে রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশ ভয়াবহ ক্রান্তিলগ্নে রয়েছে। দেশকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে। দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে। জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম এ মান্নান, সাংসদ মাহবুব উদ্দিন ও সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই। এই শাসনামলে মামলা প্রত্যাহার করে চোর, ডাকাত ও সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’