প্রতিপক্ষের বাড়িতে হামলা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুলিবিদ্ধ
ছাত্রলীগের গুলি, সাংসদের ভাতিজা নিহত

অভ্যন্তরীণ বিরোধের জের ধরে প্রথমে কলেজ ক্যাম্পাসে মারামারি৷ পরে প্রতিপক্ষের বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা চালালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ তাঁদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন৷ গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন৷ তাঁর অবস্থাও আশঙ্কাজনক৷ গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত ব্যবসায়ীর নাম আহসান হাবিব (৩৮)৷ তিনি ঢাকাকেন্দ্রিক নিরাপত্তাসেবা প্রতিষ্ঠান সিকিউরিটি গার্ড বাংলাদেশ কুমিল্লা শাখার পরিচালক ছিলেন। মুন্সেফবাড়ী এলাকার প্রয়াত ওমর ফারুক ও গুলনাহার বেগমের ছেলে আহসান হাবিব এক সন্তানের জনক। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের চাচাতো ভাইয়ের ছেলে আহসান হাবিব। তবে কোনো রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীেগর কর্মীদের সূত্রে জানা যায়, কুমিল্লা নগরের মুন্সেফবাড়ী এলাকার বাসিন্দা সুমন্ত চক্রবর্তীর ছেলে ছুট্টু চক্রবর্তী গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে একাদশ শ্রেিণর ভর্তিসংক্রান্ত তথ্য জানতে যান। ওই সময় কলেজ শাখা পূবালী ব্যাংকের সামনে কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেলের অনুসারীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সালেহ আহমেদের অনুসারীরা জানতে পারেন, ছুট্টু তাঁদের প্রতিপক্ষ মুন্সেফবাড়ী ইউনিট ছাত্রলীগের সভাপতি সজীব চক্রবর্তী ওরফে গিট্টুর ছোট ভাই। এরপর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে বেদম মারধর করেন। খবর পেয়ে সজীব চক্রবর্তী তাঁর দলবল নিয়ে কলেজে ছুটে আসেন। এ সময় দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে সজীব ও তাঁর অনুসারীরা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে সালেহ আহমেদের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ী এলাকায় গিয়ে সজীব ও ছুট্টুদের নির্মাণাধীন বাড়িতে সশস্ত্র হামলা চালান। তাঁরা বাড়ির জানালার কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে বাড়ির নিচতলা থেকে সজীবের চাচাতো ভাই প্রেসিডেিন্স বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী প্রীতম চক্রবর্তী দরজা খুলে বেরিয়ে এলে হামলাকারীরা তাঁকে গুলি করে। ওই গুলি তাঁর অণ্ডকোষে বিদ্ধ হয়। এ সময় পাশের বাসা থেকে আহসান হাবিব প্রীতমকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন ছাত্রলীগের কর্মীরা আহসান হাবিবকেও গুলি করেন। ওই গুলি তাঁর পিঠ হয়ে বুক দিয়ে বেরিয়ে যায়। পরে তাঁর মাথা ও মুখে ইট দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরা চলে গেলে এলাকাবাসী গুলিবিদ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন। প্রীতমকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহত আহসান হাবিবের ভাবি ফাতেমা ডলি সাংবাদিকদের বলেন, ‘পাশের বাসায় গুলি ও ভাঙচুরের শব্দ শুনে সুমু (আহসান হাবিব) বাসা থেকে বের হয়। প্রীতমদের বাঁচাতে গেলে অস্ত্রধারী কয়েকজন ছেলে তাকে গুলি করে। এরপর আমরা গিয়ে তাকে উদ্ধার করি।’
হামলার ব্যাপারে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়। আর সজীব চক্রবর্তীর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে৷
সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ময়নাতদন্ত শেষে আহসান হাবিবের লাশ বিকেলে বাড়িতে আনা হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।