ছাত্রলীগের সংঘর্ষ, প্রাণ গেল ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের গুলিতে নিহত ব্যবসায়ী আহসান হাবিব। ছবি: এম সাদেক
ছাত্রলীগের গুলিতে নিহত ব্যবসায়ী আহসান হাবিব। ছবি: এম সাদেক

কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে গুলিবিদ্ধ হয়ে আহসান হাবিব (৩৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রীতম চক্রবর্তী নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ভেতরে আধিপত্য বিস্তারের জের ধরে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে বেলা দেড়টার দিকে মুন্সেফবাড়িতে কলেজ ছাত্রলীগের কর্মী সজীব চক্রবর্তীর বাড়িতে অস্ত্রসহ হামলা চালান কয়েকজন। তাঁরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ রাসেলের অনুসারী বলে জানা গেছে। বাড়িতে সজীবকে না পেয়ে তাঁরা প্রীতম চক্রবর্তীকে গুলি করেন। তখন পাশের বাড়ি থেকে এসে ব্যবসায়ী আহসান হাবিব তাঁদের থামানোর চেষ্টা করেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহসান হাবিব নিহত হন।
এ ব্যাপারে সালেহ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।  এলাকাবাসী জানান, নিহত আহসান হাবিব কুমিল্লা-৬ আসনের সাংসদ এ কে এম বাহাউদ্দিনের আত্মীয়। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।