ছাত্রলীগের চাঁদা দাবির মুখে বুয়েটের হল ক্যানটিন বন্ধ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নজরুল হলের ক্যানটিন বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তীর সমর্থকেরা গত বুধবার রাতে ক্যানটিনটি বন্ধ করে দেন। গতকাল শুক্রবার পর্যন্ত ক্যানটিনটি বন্ধই রয়েছে। ফলে সকালের নাশতাসহ সারা দিনের খাওয়াদাওয়া নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ওই হলের ছাত্ররা।ক্যানটিন তত্ত্বাবধায়ন করতেন মাকসুদুর রহমান। ১৯৬৩ সাল থেকে তাঁর পরিবারের কেউ না-কেউ ক্যানটিনটি চালিয়েছেন। মাকসুদ প্রথম আলোকে জানান, তিনি পাঁচ বছর ধরে ক্যানটিনটি চালাচ্ছেন। নানা পরিস্থিতির কারণে আর পারছেন না। বরং বিভিন্ন জায়গা থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে তিনি বুয়েটে যেতে পারছেন না। তবে কারা হুমকি দিচ্ছে, তিনি সে নামগুলো প্রকাশ করতে সাহস পাননি।হলের ছাত্ররা জানান, ক্যানটিন তত্ত্বাবধায়নকারী মাকসুদুর রহমানের কাছে ১০ হাজার টাকা করে মাসিক চাঁদা দাবি করেন অমিত। মাকসুদ ঘটনাটি হলের প্রাধ্যক্ষকে লিখিতভাবে জানান। বুধবার রাতে মাকসুদ প্রাধ্যক্ষ নিখিল রঞ্জন ধরের সঙ্গে দেখা করেন। খবর পেয়ে অমিত তাঁর সমর্থকদের দিয়ে ক্যানটিনে গিয়ে মাকসুদকে খুঁজতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান সেখানে গিয়ে অমিতকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে কথাকাটাকাটি হয়। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে ছাত্রলীগের নেতাদের হুমকির কারণে মাকসুদ ক্যানটিন ছেড়ে চলে যেতে বাধ্য হন।এ বিষয়ে জানতে চাইলে অমিত চক্রবর্তী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ক্যানটিন মালিকের এমনিতেই চলে যাওয়ার কথা ছিল। এ ছাড়াও বুয়েট ছাত্রলীগের এক বিবৃতিতে বলা হয়েছে, অমিতের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নিখিল রঞ্জন ধর প্রথম আলোকে বলেন, তিনি ঢাকার বাইরে। এ বিষয়ে কথা বলতে পারবেন না। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে অমিতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।