সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর শ্রেণিকক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত খালেদ আহমদ (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের এক পক্ষের চার কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিয়ানীবাজার থানার পরিদর্শক জাহিদুল হক জানান, গত রোববার বিয়ানীবাজার আমলি আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। চারজনকে গতকাল সোমবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রিমান্ডে নেওয়া ছাত্রলীগের চার কর্মী হচ্ছেন ফাহাদ আহমদ, কামরান হোসেন, এমদাদ হোসেন ও দেলোয়ার হোসেন। চারজনই বিয়ানীবাজারে ছাত্রলীগের পাভেল মাহমুদ পক্ষের কর্মী হিসেবে পরিচিত।
১৭ জুলাই দুপুরে জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক পাভেল মাহমুদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেমের অনুসারী দুই পক্ষের সংঘর্ষের পর কলেজের শ্রেণিকক্ষে গুলির শব্দ হয়। পরে সেখান থেকে মাথায় গুলিবিদ্ধ খালেদ আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনার দিন জিজ্ঞাসাবাদের জন্য তিনজন ও পরে অভিযানে একজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখায়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।