ছাত্রলীগের চার কর্মীকে সাময়িক অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ছাত্রলীগের চার কর্মীকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের সাত দিনের মধ্যে কারণ দর্শাতেও নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন লোকপ্রশাসন বিভাগের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক ও হাবিবুল্লাহ হাবিব, অর্থনীতি বিভাগের নাজিমুল বরুণ এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৩তম ব্যাচের সৈকত মুহাম্মদ আবদুল্লাহ। তাঁরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

সমাজবিজ্ঞান অনুষদের সামনে গতকাল বুধবার দুপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, সহসভাপতি সানাউল্লাহ মাহী ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আল মাহমুদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ছাত্রলীগের এই কর্মীরা।