ছাত্রলীগের চার নেতা সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের চার নেতাকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই চার নেতা হলেন সাধারণ সম্পাদক রাজীব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, ক্রীড়া সম্পাদক এম এম নিয়ামুল হাসান ও উপসমাজসেবা সম্পাদক বশিরুল হক।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম আজ সকালে প্রথম আলোকে জানিয়েছেন, শৃংখলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই নেতাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সমর্থকদের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে। বেলা তিনটার দিকে শুরু হওয়া দুই দফা সংঘর্ষের সময় উভয় পক্ষই গুলি ছোড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২৬ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নতুন কলা ভবনের সামনে ভর্তি পরীক্ষা উপলক্ষে স্থাপন করা একটি দোকানে গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মীর মশাররফ হোসেন হলের ২৩ জন নেতা-কর্মী দুপুরের খাবার খান। তাঁদের খাওয়ার বিল হয় পাঁচ হাজার টাকা। কিন্তু দোকানের মালিককে ৫০০ টাকা ধরিয়ে দেন উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হক। বাকি টাকা ওই হলের ছাত্র ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দেবেন বলে তিনি দোকানদারকে জানান।

এ বিষয়ে শহীদ সালাম বরকত হলের ছাত্র এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদের কাছে অভিযোগ করেন দোকানের মালিক। এ ঘটনা নিয়ে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্য নেতা-কর্মীরা বেলা তিনটার দিকে পাশের একটি দোকানে আলোচনায় বসেন। আলোচনার একপর্যায়ে উভয় হলের নেতা-কর্মীরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। রামদা, রড ও পাইপ নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। পরিস্থিতি শান্ত হলে প্রক্টরিয়াল বডির সদস্যরা উভয় হলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। এ সময় প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১০০ পুলিশ মোতায়েন করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের সশস্ত্র নেতা-কর্মীরা মীর মশাররফ হোসেন হলের সামনে এলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং ১০টি গুলি ছোড়ে। এতে ছাত্রলীগের নেহাল নামের এক কর্মী গুলিবিদ্ধ এবং উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হন। নেহাল আল-বেরুনী এক্সটেনশন হলের ছাত্র। সালাম-বরকত হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় মীর মশাররফ হোসেন হলের প্রশাসনিক ভবন এবং হলের সামনে তিনটি দোকান ভাঙচুর করেন। প্রায় ৩০ মিনিট সংঘর্ষ চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মীর মশাররফ হোসেন হলে একটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়।