ছাত্রলীগের চার নেতার প্রস্তুতি নেই, তাই পরীক্ষা পণ্ড
ছাত্রলীগের চার নেতার প্রস্তুতি না থাকায় তাঁরা পরীক্ষা ভন্ডুল করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা অন্য শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখিয়ে তাঁদের পরীক্ষা কক্ষে আসতে বাধা দেন। আর নির্ধারিত দিন-ক্ষণে শিক্ষকেরা হাজির হলেও পরীক্ষার্থীদের না পেয়ে ফিরে যান। ঘটনাটি ঘটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল নির্ধারিত সময়ে পরীক্ষার প্রধান পরিদর্শক ও অপর তিন পরিদর্শক প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। এ সময় কেন্দ্র ছিল একেবারে ফাঁকা। অপেক্ষা করে একপর্যায়ে তাঁরা সবাই কেন্দ্র ত্যাগ করে অফিস কক্ষে ফিরে আসেন।নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা অভিযোগ করেন, রোববার রাত থেকেই পরীক্ষায় অংশ না নেওয়ার জন্য পরীক্ষার্থীদের মুঠোফোনে হুমকি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা।ইংরেজি বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় এই বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ৪২১ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। নির্ধারিত সময় কিছু পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে উপস্থিত হন। তবে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়ার মাহমুদ, আহ্বায়ক কমিটির সদস্য মাহাদী হাসান, আবু রায়হান ও মাহবুবুর রহমান (ছোট মাহবুব) তাঁদের কেন্দ্রে ঢুকতে দেননি। মাহাদী হাসান ও আবু রায়হান বলেন, ‘গত কয়েক দিন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি ছিল। এসব কর্মসূচিতে অংশ নিয়ে ও খেলাধুলা করে আমরা ক্লান্ত। তাই পরীক্ষা পেছানোর জন্য শিক্ষকদের অনুরোধ করি।’বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ওই চার শিক্ষার্থী ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন। কোনো কোনো শিক্ষক ওঁদের পরামর্শেই পরীক্ষা নিয়ে থাকেন। এঁরা ক্লাসে অনুপস্থিত থেকেও উপস্থিতির পুরো নম্বর পান। গোটা বিভাগই তাঁদের কাছে জিম্মি হয়ে আছে। মোহাম্মদ আলী রেজওয়ান বলেন, ‘কেন্দ্রে গিয়ে দেখি কোনো পরীক্ষার্থী নেই। এর পর আধা ঘণ্টা অপেক্ষা করে আমি ও তিন পরিদর্শক কেন্দ্র থেকে ফেরত এসে পরীক্ষা কমিটির সভাপতিকে বিষয়টি জানাই। একপর্যায়ে পরীক্ষা স্থগিত করা হয়। কী কারণে পরীক্ষার্থীরা আসেনি তা জানি না।’পরীক্ষা কমিটির সভাপতি জাহিদুল আলম বলেন, ‘পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হবে।’ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তৌহিদুল ইসলাম পরীক্ষা ভন্ডুল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।