অজ্ঞাত এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। গত রোববার রাতে মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বহিষ্কার নিয়ে বাগিবতণ্ডা চলতে থাকলে কলেজের অধ্যক্ষ ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৈঠকে যান। তাঁদের উপস্থিতিতে বৈঠকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।অভিযোগ পাওয়া গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কলেজমাঠের পাশের পাহাড়ে ওই তরুণীর শ্লীলতাহানি করা হয়। ছাত্রলীগের চারজন নেতা-কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত। এঁরা হলেন ছাত্রলীগের কলেজ শাখা কমিটির সহসম্পাদক কাজী ফয়সাল ও আসিবুল ইসলাম ওরফে লিমন, কর্মী সোহাগ ও রাব্বি। এঁদের মধ্যে ফয়সাল ও আসিবুলকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। বাকি দুজন ছাত্রলীগের কোনো পদে না থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।সভায় উপস্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ নাছিফ বলেন, ‘কারও ব্যক্তিগত অনৈতিক ও অসামাজিক কাজের দায় ছাত্রলীগ নেবে না। এঁদের দল থেকে বহিষ্কারের ব্যাপারে মোটামুটি আমরা সবাই একমত।’ সভায় হট্টগোলের কথা তিনি স্বীকার করেন।