ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাকাত সন্দেহে ছাত্রলীগের চার নেতাসহ ছয়জনকে পিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ একটি একনলা বন্দুক ও দুটি লোহার পাইপসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে। গত রোববার কুলিয়ারচর পৌর শহরের বেতিয়ারকান্দি মহল্লায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুলিয়ারচরের রামদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাভেদ মিয়া, সদস্য মো. রায়হান, উসমানপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহান মিয়া, সিএনজিচালিত অটোরিকশার চালক অসিম মিয়া ও নুরুল ইসলাম।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় কুলিয়ারচরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই কারণে লোকজন সংঘবদ্ধ হয়ে এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রোববার রাত একটার দিকে সিএনজিচালিত দুটি অটোরিকশায় কয়েকজন যুবককে দেখে তাঁদের সন্দেহ হয়। লোকজন অটোরিকশা থামিয়ে যুবকদের কাছে একটি একনলা বন্দুক ও দুটি লোহার পাইপ দেখতে পান।
আহত ছাত্রলীগের নেতা জাভেদ মিয়া বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ফুল দিতে কুলিয়ারচর সদরে এসেছিলাম। ফুল দিয়ে বাড়ি ফেরার পথে বেতিয়ারকান্দি গ্রামের বিএনপি-সমর্থকরা আমাদের অটোরিকশা আটকায়। রাজনৈতিক পরিচয় পাওয়ার পর ফাঁসিয়ে দিতে মারধর করে আমাদের পুলিশের হাতে দেয়।’
যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ছয়জনকে মারধর করা হচ্ছে জেনে আমরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে একটি একনালা বন্দুক ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’