ছাত্রলীগের ছয় কর্মীকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিম হত্যাকাণ্ডের ঘটনায় এই সংগঠনের ছয় কর্মীকে অভিযুক্ত করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ প্রতিবেদন জমা দেয়। সাংবাদিকেরা গতকাল শনিবার রাতে প্রতিবেদনের অনুলিপি হাতে পেয়েছেন।অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা হলেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের লুত্ফর রহমান, সমাজকর্ম বিভাগের জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের তৌফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল আমিন ও মনোবিজ্ঞান বিভাগের মশিউর রহমান।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটি অনুসন্ধান করে জানতে পেরেছে, অভিযুক্ত ছাত্রলীগের কর্মীরা গত ১৫ আগস্ট নাসরুল্লাহ নাসিমকে মারধর করে শাহ মখদুম হলের দোতলা থেকে নিচে ফেলে দেন। তিনি মাথা ও শরীরের বিভিন্ন অংশ এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ আগস্ট নাসিমের মৃত্যু হয়।এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তদন্ত কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রুহুল আমিন প্রতিবেদন জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ দুলাল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন দাখিল করেছে। এ প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। উপাচার্য আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সিন্ডিকেটের আগামী বৈঠকে উত্থাপন করা হবে।