ছাত্রলীগের জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জয়পুরহাটের আক্কেলপুর মজিবুর রহমান (এমআর) ডিগ্রি কলেজে জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে গতকাল শনিবার মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গতকাল দুপুর ১২টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, মিছিল-মিটিংয়ের সুযোগ না দেওয়ায় দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। তাঁর কথায় বোঝা যায়, বিএনপি জঙ্গিবাদকে মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি গোলাম কিবরিয়া, সহসভাপতি সৈকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম, মামুন শেখ, শাহিনুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবদুল মমিন প্রমুখ।
এদিকে আক্কেলপুর মজিবুর রহমান (এমআর) ডিগ্রি কলেজে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ চত্বরে মানববন্ধন হয়। এতে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাড়াও কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।