ছাত্রলীগের জড়িত নেতা-কর্মীদের শাস্তির দাবিতে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন সাংবাদিকেরা।
গতকাল সোমবার সাংবাদিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মৌন মিছিল ও মানববন্ধন শেষে এক সমাবেশে এ আলটিমেটাম দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের (চাকসু) সামনে থেকে মৌন মিছিল বের করে সাংবাদিক সমিতি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমিতির সদস্য ফারহান অভির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক সমিতির সহসভাপতি শরীফুজ্জামান, সাধারণ সম্পাদক আশরাফ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম প্রমুখ।
এতে বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা লাগানোর তিন দিন পার হলেও এখনো জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এটা কর্তৃপক্ষের প্রশ্রয় ছাড়া কিছুই নয়। অথচ কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিমধ্যেই জড়িত ব্যক্তিদের মধ্যে চারজনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করেছে। যার এখতিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাখে না।
বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের সাংবাদিক সমাজকে নিয়ে কঠোর কর্মসূচিতে যাবে।
এদিকে ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ ছাড়া এ ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্মবিরতি পালন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও চুয়েট সাংবাদিক সমিতি বিবৃতিসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রগতিশীল ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিন্দা জানিয়েছে।