ছাত্রলীগের তাণ্ডব বাড়িঘরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রলীগ শহরে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পাশাপাশি রাত সাড়ে নয়টায় র‌্যাব সদস্যরা শহরে টহল দেন। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরকে দায়ী করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়ার সুমন হোসেন হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের কর্মী আবদুল মোমিন বৃহস্পতিবার জামিনে মুক্তি পান। সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেনুল হক জোয়ার্দারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মোমিনকে নিয়ে ২০-২৫টি মোটরসাইকেলে মহড়া দিয়ে কার্যালয়ে ফিরছিলেন। তাঁরা শহরের ইমপ্যাক্ট হাসপাতালের কাছে পৌঁছালে একটি বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।
মোহাইমেনুল হক দাবি করেন, ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দীনের অনুসারীদের বোমা হামলায় তিনিসহ ছাত্রলীগের কর্মী খালিদ, রিমন ও আবদুল মালেক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পরই ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে শহরে মহড়ার পাশাপাশি পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম, সহসভাপতি মোমিনুল হাসান, সাধারণ সম্পাদক নাঈম পারভেজ, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান, যুবলীগের সাবেক নেতা শফিকুল ইসলামের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় বেশ কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এতে শফিকুল ইসলামের স্ত্রী অ্যানী বেগম আহত হন।
এ ছাড়া জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির নেতা সৈয়দ কামরুজ্জামানের কার্যালয় এবং খোন্দকার আব্দুল জব্বারের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ উদ্দীনসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঘটনার জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদককে দায়ী করেছেন।
বোমা হামলায় আহত দাবি করে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের ছাত্রলীগের কর্মী খালিদ হাসান শরীফ উদ্দিনসহ ১২ জনকে আসামি করে মামলা করেন। খালিদ হাসান গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর চাচাতো ভাই মালেকের মাধ্যমে সদর থানায় লিখিত এজাহার পাঠান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী মামলার সত্যতা নিশ্চিত করেছেন।