কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে তালা দেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের গণিত, ইংরেজি ও লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা ভণ্ডুল হয়ে যায়। ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং কাঠের গুঁড়ি ও বাঁশের কঞ্চি নিয়ে এসে প্রশাসনিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের তাণ্ডবে গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় সংগঠনের কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা কলাভবন ও ব্যবসায় শিক্ষা ভবনের প্রধান ফটকে তালা দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়া হয়। এ সময় বহিষ্কার হওয়া ছাত্রলীগকর্মী নুরুল আমিনকে মিছিলে দেখা যায়। বেলা সাড়ে ১১টায় পুলিশের উপস্থিতিতে তালা খুলে শিক্ষকদের মুক্ত করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খানের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খান, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। বৈঠকে উপাচার্য বলেন, কোনো অবস্থাতেই সিন্ডিকেটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে না। রোববার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সৈয়দুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারাদেশ ঠেকানোর জন্য রাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারীরা একাডেমিক ভবনে তালা দিয়েছে। ওই কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নুরুল আমিনের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ থাকলেও কী করে ক্যাম্পাসে ঢুকল, সেটা আমরা খতিয়ে দেখছি।’