জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য আরিফুজ্জামান আরিফ, রোকনুজ্জামান রোকন ও কর্মী সেলিম আল মামুনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ১ মে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই সঙ্গে মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ্র বাড়ৈকে সংগঠন ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার জন্য সতর্ক করা হলো এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী পাঁচ দিনের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’