ছাত্রলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গত মঙ্গলবার রাতে মাগুরা শহরের ঢাকা রোড এলাকা থেকে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার তাঁরা জামিনে মুক্ত হন।
তাঁরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দুই কর্মী সাদ্দাম হোসেন ও মো. স্বাক্ষর। তাঁদের বাড়ি মাগুরা শহরে।
মাগুরা সদর থানা সূত্রে জানা যায়, ২০১৩ সালে পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়। তাঁরা এত দিন পলাতক ছিলেন।
গত মঙ্গলবার রাত আটটার দিকে শহরের ঢাকা রোড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। খবর পেয়ে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী তাঁদের মুক্তির দাবিতে মিছিল করে থানার সামনে আসেন। তাঁরা ওই তিনজনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, ভুল-বোঝাবুঝির কারণে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছিল। আদালত থেকে তাঁরা জামিন পেয়েছেন। থানার সামনে নেতা-কর্মীদের মিছিল সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, তিনজনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। ডাকাতি, চাঁদাবাজি ও মারামারির ঘটনায় আজ (গতকাল বুধবার) তাঁদের বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছিল।
পরে আদালত তাঁদের জামিন দিয়েছেন। আদালত চত্বরে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝামেলা পাকানোর চেষ্টা করেছিলেন বলে জানান তিনি।