প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বহিষ্কার করে।
ওই তিনজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রতীক মজুমদার, গৌতম পাল ও ছাত্রলীগের কর্মী মামুন হাসান। প্রতীক ও মামুন মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং গৌতম কৃষি অনুষদের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে প্রতীক, গৌতম ও মামুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের প্রভাষক আমিনুর রশীদকে ক্যাম্পাসের ভেতর মারধর করেন। ওই দিনই তাৎক্ষণিকভাবে শিক্ষক সমিতির নেতারা উপাচার্য মো. শহীদউল্লাহ তালুকদারের কাছে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।