ছাত্রলীগের তিন নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গতকাল রোববার মামুন মিয়া নামের এক পুলিশ কনস্টেবলকে মারধর ও তাঁর পোশাক ছেঁড়ার ঘটনায় জেলা ছাত্রলীগের তিন নেতাকে আটক করার পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে লাইনে দাঁড়ানো লোকজনকে ডিঙ্গিয়ে দুই তরুণ পাসপোর্টের আবেদনপত্র জমা দিতে গেলে লোকজন বাধা দেয়। এ ঘটনায় ওই তরুণেরা শামছু নামের এক ব্যক্তিকে মারধর করেন। সেখানে দায়িত্বরত কনস্টেবল মামুন মিয়া মারামারি থামাতে গেলে তাঁকেও মারধর শুরু করেন ওই তরুণেরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন তরুণ এ মারামারিতে অংশ নেন এবং কনস্টেবলের পোশাক ছিঁড়ে ফেলেন। আহত কনস্টেবল মামুন হবিগঞ্জ মডেল থানায় ঘটনাটি জানালে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তিন তরুণকে আটক করে নিয়ে যায়। থানায় নেওয়ার পর আটক তরুণদের রাজনৈতিক পরিচয় পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংসদের সঙ্গে যোগাযোগ করেন থানার কর্মকর্তারা। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়।মারধরের শিকার কনস্টেবল মামুন মিয়া বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে আক্রমণের শিকার হয়েছি।’ ছেঁড়া পোশাক দেখিয়ে তিনি বলেন, ‘যাঁরা আমার ওপর আক্রমণ করেছেন, তাঁদের মধ্যে তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়।’ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ঘটনার সময় তিনি অফিসের বাইরে ছিলেন। ফিরে এসে শুনেছেন পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।তবে আটকের কথা অস্বীকার করে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, কাউকে আটক করা হয়নি। ঘটনার পর জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদসহ অন্যরা এসেছিলেন ঘটনার বিস্তারিত শুনতে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে চিহ্নিত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘লাখাই উপজেলার করাব ইউনিয়নের ছাত্রদলের এক নেতা এ হাঙ্গামা বাধিয়ে ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করছে।’