অবরোধ-হরতালে নাশকতার কারণে যে ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এ কথা বলেন ডিএমপির কমিশনার। নাশকতাকারীদের পুলিশে ধরিয়ে দিয়েছেন এমন সহায়তাকারীদের পুরস্কার দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার পাওয়া চারজনের মধ্যে তিনজন ছাত্রলীগের নেতা।
ডিএমপির পক্ষ থেকে দেওয়া এই পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান, এ এফ রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও রিকশাচালক মোজাম্মেল হোসেন। এই চারজনকে ২৫ হাজার থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। তবে কাকে কী পরিমাণ টাকা পুরস্কার দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।
ডিএমপির দেওয়া পুরস্কারের বাইরে এক ব্যক্তি নিজ উদ্যোগে রিকশাচালক মোজাম্মেলকে ৫০ হাজার টাকা দিয়েছেন। এর আগে তিন দফায় অন্তত ১২ জনকে পুরস্কৃত করেছে ডিএমপি। এর মধ্যে তিনজন যুবলীগের নেতা রয়েছেন।
ডিএমপির কমিশনার দাবি করেন, ৫ জানুয়ারি থেকে যে নাশকতা চালানো হয়েছিল, তা আগের চেয়ে কমে এসেছে। তিনি বলেন, অবরোধের শুরু থেকে এ পর্যন্ত রাজধানীতে ১৬৮টি যানবাহনে আগুন ও ১১টি যানবাহন ভাঙচুর করার ঘটনা ঘটেছে। সহিংসতায় ৪৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজন পুলিশ ও এক আনসার সদস্য নিহত হয়েছেন। রাজধানীতে ককটেল-পেট্রলবোমা ছোড়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন ১৮৬ জন। এর মধ্যে ১০২ জন বিএনপির ও ৮৪ জন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
ডিএমপি কমিশনার বলেন, অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১ হাজার ১০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই দেশের প্রত্যেক নাগরিকই এমন সাহসিকতার সঙ্গে এগিয়ে আসুক। তাহলে আর রাজধানীতে নাশকতা বা সহিংসতার বলি হয়ে কাউকে প্রাণ হারাতে হবে না।’