দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তিন নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে সংগঠনটি। একই সঙ্গে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় হল শাখার তিন নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক সুদীপ্ত সালাম, কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক শেখ মারুফ হোসেন ও কৃষিবিষয়ক সম্পাদক আনন্দ অভিকে দল থেকে বহিষ্কারে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে হাবিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদস্য আকতারুল ইসলাম ওরফে আসিফ ও কর্মী বেলাল হোসেন ওরফে বিলকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, বিশ্ববিদ্যালয় শাখার ওই তিন নেতাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাঁদের বহিষ্কার করতে কেন্দ্রের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।গত শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘটিত মারামারিতে আহত হন শেখ মারুফ হোসেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা।