ছাত্রলীগের তিন নেতাকে হল থেকে বহিষ্কার
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রাধ্যক্ষকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রলীগের তিন নেতার হলের আসন বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ ও প্রভোস্ট কাউন্সিলের সদস্য মুহাম্মদ রুহুল আমীন বলেন, আজ বৃহস্পতিবার প্রভোস্ট কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চিঠি দিয়ে রেজিস্ট্রারকে জানানো হয়েছে।
ওই তিন শিক্ষার্থী হলেন বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রাজ্জাক; হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন মণ্ডল এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নূরে রাব্বী মোরাদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই তিন শিক্ষার্থী পৃথকভাবে অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমীনের কাছে নিজেদের কর্মীদের জন্য ২০ থেকে ৩০টি করে আসন দাবি করেন। এতে রাজি না হওয়ায় তাঁরা প্রাধ্যক্ষকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত বুধবার প্রাধ্যক্ষ রুহুল আমীন ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এ নিয়ে আজ প্রভোস্ট কাউন্সিলের সভা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিষয়টি তারা কেন্দ্রীয় কমিটিকে জানাবে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সিদ্ধান্ত নেবে।
অভিযুক্ত তিন শিক্ষার্থীর মধ্যে মাহফুজুর রাজ্জাক ও মোহাম্মদ নয়ন মণ্ডল বলেন, তাঁরা আসন বরাদ্দের বিষয়টি জানতে চেয়ে প্রাধ্যক্ষকে ফোন করেছিলেন। তবে প্রাধ্যক্ষকে হত্যার হুমকি দেননি। এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে ফোন করা হলে নূরে রাব্বী মোরাদের ফোন বন্ধ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘তিনজন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা চিঠি পেয়েছি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করবে।’