সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীসহ সংগঠনটির তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে। সিলেটে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক গতকাল রোববার পরোয়ানা জারি করেন।
আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আবদুল মালেক বলেন, সঞ্জীবন চক্রবর্তী ছাড়াও আরও যে দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হাসান।
আদালত সূত্রে জানা গেছে, এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তার মা গত ১২ এপ্রিল সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ তিন নেতার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ওই স্কুলছাত্রী গত ৮ এপ্রিল এক আত্মীয়ের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে গেলে শহীদ মিনারের সামনে মেয়েটিকে যৌন হয়রানি করা হয়।
আদালত সূত্র জানায়, মামলার পর ১২ এপ্রিলই বিচারক এ অভিযোগের ওপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সিলেটের জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শরমিনের নেতৃত্বে তদন্ত দল যৌন হয়রানিতে তিন আসামির সংশ্লিষ্টতার প্রমাণ পায়। পরে ৪ মে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হলে এর ওপর গতকাল শুনানি শেষে মামলা আমলে নিয়ে পরোয়ানা জারি করেন আদালত।
তবে ছাত্রলীগ নেতা সঞ্জীবন চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রথম দিকে যে অভিযোগ দেওয়া হয়েছিল তাতে আমার নাম ছিল না। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।’