ছাত্রলীগের তিন পক্ষই একক 'নিয়ন্ত্রণ' চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ তিন নেতার অনুসারী নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণেই বারবার চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজে সংঘর্ষের ঘটনা ঘটছে। গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে দুটি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে অন্তত ছয় দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩০ জুলাই জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা নিয়ে চট্টগ্রাম কলেজে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। অবরোধ করা হয় কলেজের সামনের সড়ক।
সংঘর্ষের জন্য এক পক্ষের নেতা-কর্মীরা অন্য পক্ষের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এক পক্ষ বলছে, চট্টগ্রামের চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করার জন্য কলেজে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে প্রতিপক্ষ। নগরের চকবাজার এলাকায় পাশাপাশি অবস্থিত চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ।
দুটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের মধ্যে গত চার মাসে পাঁচবার সংঘর্ষ হয়েছে। সর্বশেষ সংঘর্ষ হয়েছে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারী নেতা-কর্মীদের।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মধ্যে কেন বারবার সংঘর্ষ হচ্ছে, এর কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
ছাত্রলীগের নেতা-কর্মী, দুটি কলেজের শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, তিন দশকের বেশি সময় ধরে ছাত্রশিবিরের ‘নিয়ন্ত্রণে’ ছিল চট্টগ্রামের এই দুটি কলেজ। গত বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পায় ছাত্রলীগ। এরপর দুটি কলেজের ছাত্ররাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের ‘কর্তৃত্ব’ প্রতিষ্ঠিত হয়। গত জুন মাস থেকে মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা দুটি ক্যাম্পাসে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। গত ১৮ জুন মেয়রের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের অনুসারীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের অনুসারীরা।
দুটি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একক নিয়ন্ত্রণ নিতে ছাত্রলীগের তিনটি পক্ষ বারবার সংঘর্ষে জড়াচ্ছে। কিছুদিন পরপর ছাত্রলীগের সংঘর্ষের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এতে ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম।
মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম এবং মন্ত্রী নুরুল ইসলামের অনুসারীদের নেতৃত্ব দিচ্ছেন চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা।
সংঘর্ষের বিষয়ে নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘নুরুল মোস্তফা চট্টগ্রাম কলেজের পাশের এলাকা চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করার জন্য কলেজের দখল নিতে উঠেপড়ে লেগেছেন। কলেজের নিয়ন্ত্রণ নিতে বহিরাগতদের ব্যবহার করছেন।
এ অভিযোগ অস্বীকার করে নুরুল মোস্তফা বলেন, নুরুল আজিম চকবাজার এলাকায় আধিপত্য বিস্তার করতে চান। এ জন্য তিনি চট্টগ্রাম কলেজকে ব্যবহার করতে চাচ্ছেন। এই কাজে তিনি অস্ত্রধারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ওবায়দুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ ও চকবাজার এলাকায় আধিপত্য বিস্তারের জন্য নুরুল আজিম ও নুরুল মোস্তফার অনুসারীরা বারবার সংঘর্ষে জড়াচ্ছেন। কেননা, চট্টগ্রাম কলেজ নিয়ন্ত্রণে নিতে পারলে পাশের চকবাজার এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ‘আর্থিকভাবে লাভবান’ হওয়ার সুযোগ রয়েছে।
গত ২৪ জুলাই মানববন্ধন করা নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। গত ২৩ ও ২৮ এপ্রিল এই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ২৩ এপ্রিলের সংঘর্ষে গুলির শব্দ শোনা যায়। এ ছাড়া গত ১৮ জুন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের সংঘর্ষ হয়। পরদিন ১৯ জুন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে এই দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এর জের ধরে ২০ ও ২১ জুন চট্টগ্রাম কলেজ ও হাজী মুহম্মদ মহসিন কলেজের শ্রেণি কার্যক্রম দুদিন বন্ধ থাকে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের নিজস্ব বিরোধের জের ধরে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। ছাত্রলীগের পারস্পরিক বিরোধের কারণে শিক্ষা কার্যক্রমে মাঝেমধ্যে ব্যাঘাত ঘটছে। এসব সংঘর্ষ বন্ধের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের সংঘর্ষের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিভাবক মহলের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষকদের সতর্ক থাকতে হচ্ছে।