ছাত্রলীগের তিনজন বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত

শিক্ষকের সঙ্গে অসদাচারণের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা। গত রোববার বিকেলে তাঁদের বহিষ্কারের নোটিশ জারি করা হলেও আজ সোমবার বিষয়টি জানাজানি হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন: কৃষি বিভাগের এ বি এম বদরুল হায়দার, ব্যবসা প্রশাসন বিভাগের রায়হান মাহমুদ ও সাজ্জাদ হোসেন। এর মধ্যে বদরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি, আর রায়হান ও সাজ্জাদ একই কমিটির সাংগঠনিক সম্পাদক।
জানতে চাইলে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক। সোমবার বিকেলে প্রথম আলোকে তিনি বলেন, অর্থনীতি বিভাগের একাধিক শিক্ষকের সঙ্গে অসদাচারণের ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে তাঁদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। নোটিশে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই কৃষি বিভাগের ছাত্র ছাত্রলীগ নেতা বদরুল হায়দারের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ দেওয়ানের সঙ্গে অসদাচরণ করেন। যার একপর্যায়ে শিক্ষার্থীরা বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে অন্য শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সূত্র জানায়, এ ঘটনায় শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান দিব্যদ্যুতি সরকারকে আহ্বায়ক করে ওই দিনই পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পরে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।
ছাত্রলীগ নেতা এ বি এম বদরুল হায়দার প্রথম আলোকে বলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মো. ফরিদ দেওয়ান কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে তাঁর ফেসবুকে একটি মন্তব্য করেন। তিনিসহ দলের কয়েকজন ওই শিক্ষকের সঙ্গে দেখা করে মন্তব্যের বিষয়ে আপত্তি জানিয়েছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করার ঘটনার বিচার না করে উল্টো প্রতিবাদকারীদের সাময়িক বহিষ্কার করেছে, যা দুঃখজনক।