জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয় গতকাল বৃহস্পতিবার সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংগঠন দুটি একই কক্ষের ভেতর তাদের কার্যক্রম পরিচালনা করে।
গত বুধবার ওই কক্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ দখল করে চলচ্চিত্র সংসদের নতুন কমিটি ঘোষণা করে। চলচ্চিত্র সংসদের কর্মীরা এর প্রতিবাদে উপাচার্য মীজানুর রহমানকে লিখিত অভিযোগ দিলে প্রশাসন কক্ষটি সিলগালা করে দেয়।
প্রক্টর দপ্তর ও চলচ্চিত্র সংসদ সূত্র জানায়, গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত চলচ্চিত্র সংসদ ও ফটোগ্রাফিক সোসাইটির কার্যালয়টি দখল করে নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ে থাকা চলচ্চিত্র সংসদের কর্মীদের জোর করে বের করে দেওয়া হয়। পরে সংগঠনটির নাম পরিবর্তন করে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় থিয়েটার ও চলচ্চিত্র সংসদ) রফিকুল ইসলামকে সভাপতি ও নূর মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করেন তাঁরা। রফিকুল ও নূর মোস্তফা যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক।
চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ছাত্রলীগ পরিচয়দানকারীরা আলমারির তালা ভেঙে চলচ্চিত্র সংসদের ফরম বিক্রির টাকা, একটি ক্যামেরাসহ সব গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এরপর তারা কার্যালয়ে একটি তালা লাগিয়ে দিয়েছে। তাই গতকাল উপাচার্যকে লিখিত অভিযোগ দিয়েছি।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্র সংসদ একটি প্রগতিশীল সংগঠন। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা সম্পৃক্ত হবে, এটাই স্বাভাবিক ঘটনা। এ ছাড়া চলচ্চিত্র সংসদের কর্মীরা ক্যাম্পাসে নিয়মিত না আসায় এ কমিটি করা হয়েছে বলে আমি জানি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কাজী নাসির উদ্দীন বলেন, ‘একটি লিখিত অভিযোগ পাওয়ার পর তা সিলগালা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখব।’