ছাত্রলীগের দাবি মেটাতে ফরম পূরণে অতিরিক্ত টাকা!
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কলেজ শাখা ছাত্রলীগের নেতাদের দাবি মেটাতে শিক্ষার্থীদের কাছ থেকে ১৮০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে। এ দাবি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগের নেতারা কয়েকবার বৈঠকও করেন। ২২ ডিসেম্বর ফরম পূরণের শেষ দিন। জানতে চাইলে ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ বলেন, ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ আনুষ্ঠান সফল করতে কিছু টাকা খরচ হবে। এ জন্য কলেজে থেকে কিছু টাকা চাওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণীতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। ফরম পূরণে বোর্ড ফি এক হাজার ১৭০, কেন্দ্র ফি ৩০০, ব্যবস্থাপনা ফি ১০০ ও দরিদ্র ফান্ডে ৫০ টাকা নিতে বোর্ড নির্ধারণ করে দেয়। কিন্তু রায়পুর সরকারি কলেজে এর বাইরেও ১৮০ টাকা নিয়ে মোট এক হাজার ৮০০ টাকা করে আদায় করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৩৫০ পরীক্ষার্থী এ টাকা দিয়ে ফরম পূরণ করেন। পরীক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করলেও ছাত্রলীগের নেতারা আমাদের পাশে দাঁড়ায়নি। তারা নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। দরিদ্র ফান্ডে ৫০ টাকা নেওয়া হয়। অথচ কোনো দরিদ্র শিক্ষার্থীকে ওই ফান্ডের টাকা দিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। এতে অনেক শিক্ষার্থীকে কষ্ট করে ফরম পূরণের টাকা জোগাড় করতে হয়। কলেজের অধ্যক্ষ সফিক উদ্দিন বলেন, ‘আমি সরকারি চাকরি করি। অনেক সীমাবদ্ধতা আছে।’ টাকার বিষয়ে জানতে চাইলে এ বিষযে তিনি আর কোনো কথা বলতে সমঞ্চত হননি।