ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে। রাজশাহীর তালাইমারী ও কাটাখালী এলাকা থেকে গতকাল শুক্রবার পৃথকভাবে তাঁদের অপহরণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা অভিযোগ করেছেন।অপহূত দুই কর্মীর নাম রকিবুল হাসান ও ইমতিয়াজ জামান। রকিবুল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের এবং ইমতিয়াজ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফয়সাল ইসলাম জানান, গতকাল বেলা আড়াইটার দিকে তিনি ও রকিবুল গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে অটোরিকশায় চড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তালাইমারী মোড় পার হওয়ার পর একটি সাদা রঙের মাইক্রোবাস অটোরিকশাটির গতি রোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি বেরিয়ে এসে রকিবুলের নাম-পরিচয় জানতে চায়। এরপর তারা তাঁকে ওই মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি জাকির হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ইমতিয়াজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশে কাটাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে সেখানে উপস্থিত হয়। তারা ইমতিয়াজের নাম-পরিচয় জানতে চায়। এরপর তারা তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, ‘অপহরণের কথা শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।’তবে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী বলেন, তাঁদের কোনো খোঁজ মিলছে না। মতিহার থানা পুলিশ ও রাজশাহী র‌্যাব অফিসকে বিষয়টি জানানো হয়েছে।এ প্রসঙ্গে রাজশাহী র‌্যাব-৫-এর লেফটেন্যান্ট মাহদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো কিছু জানা নেই। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।