ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম করল শিবির!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় শিবিরের কর্মীরা রামদা দিয়ে কুপিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আওয়ামী লীগ কর্মীর একটি বাড়ি ও দোকান ভাঙচুর-লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার চরপাড়া ও পাশের ঘোষতল গ্রামে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কর্মীরা হলেন চরপাড়া গ্রামের আনিছুর রহমান (২০) ও মো. রাজীব (২২)। তাঁদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শিবিরের একদল কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথায় যানবাহন ভাঙচুর করতে গেলে জনতার প্রতিরোধের মুখে পড়েন। পরে ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যাওয়ার সময় আনিছুর ও রাজীবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এ ছাড়া ঘোষতল গ্রামের আ.লীগ কর্মী ওয়াসিমের বাড়ি ভাঙচুর এবং নাছিরের মুদি দোকান ভাঙচুর ও লুটপাট করেন।
হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন জামায়াতের সভাপতি আল আমিন বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ওই দুজন আহত হন।
চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান, এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে মো. আবদুর নূর ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।