ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরে গত রোববার বিকেলে এক স্কুলছাত্রীকে অপহরণের সময় অনিক খান ও ইমতিয়াজ নামের ছাত্রলীগের দুই কর্মীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
স্কুলছাত্রীর বাবা জানান, রোববার তাঁরা বাড়িতে ছিলেন। বিকেলে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশায় এসে তাঁদের ঘরে ঢুকে মেয়েকে তুলে নিয়ে যান।
প্রতিবেশী আসলাম শেখ বলেন, ‘চিৎকার শুনে এগিয়ে গেলে অপহরণকারী দলের সদস্য ও ছাত্রলীগ কর্মীরা মধ্য রাস্তার মুখে আমার ওপর হামলার চেষ্টা করেন। তখন এলাকাবাসী এক হয়ে তাঁদের ধাওয়া দেন।’
তানজিদ হাসান নামের আরেকজন জানান, অপহরণকারী কয়েকজন এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে গেলেও অনিক ও ইমতিয়াজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান প্রথম আলোকে জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় অনিক, ইমতিয়াজসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপহরণকারীরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে তিনি নিশ্চিত করেন। এলাকাবাসী ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
তবে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম জানান, অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। ইমতিয়াজ একটি ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও জানান, বখাটেপনার কারণে জেলা ছাত্রলীগের সাবেক কমিটি অনেক আগেই তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।