সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষর করা এক আদেশে গতকাল সোমবার এই তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান রিকশাযোগে ক্যাম্পাসে যাওয়ার পথে গত শনিবার বিকেলে গোলচত্বরসংলগ্ন স্থানে মারধরের শিকার হন। এ ঘটনায় তিনি নিজ সংগঠনের অপর যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান পক্ষের কর্মী মো. আজহারুল ইসলাম, দিদারুল আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় মো. আজহারুল ইসলাম ও দিদারুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। তাঁরা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। বহিষ্কার হওয়া ওই দুই শিক্ষার্থী আগামী এক বছরের মধ্যে প্রক্টরের অনুমতি ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। ছাত্রলীগ থেকে বহিষ্কার: এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গতকাল পাঠানো ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।