ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। কলেজের ছাত্রাবাস ও কলেজ চত্বর এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রদের পরিচিতি ক্লাস ছিল। দুপুরে নতুন ভর্তি হওয়া সাধারণ ছাত্ররা পরিচিতি ক্লাস শেষে বের হওয়ার সময় এক পক্ষ ভর্তি হওয়া সাধারণ ছাত্রদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে। আরেক পক্ষ এতে বাধা দেয়। শুরু হয় বাগ্বিতণ্ডা। একপর্যায়ে উভয় পক্ষে ধস্তাধস্তি হয়। সেটা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ প্রধান ছাত্রাবাস, ইন্টার্নি ছাত্রাবাস, আলাউদ্দিন ছাত্রাবাসেও ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টা খানেক পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমার কীর্তনীয়া-সমর্থিত ছাত্রলীগের কর্মী মো. সোহেল আহত হন। তাঁকে মিটফোর্ড হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। একই গ্রুপের কর্মী মাহফুজও আহত হন। অন্যদিকে রাতুল সিকদারের সমর্থিত ছাত্রলীগের কর্মী নাফিজ আহত হলে তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে কলেজে সংঘর্ষের সংবাদ পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও দাঙ্গা পুলিশ কলেজ চত্বর ও তিনটি ছাত্রাবাসের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে ইন্টার্নি হোস্টেল মিলনায়তনে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগের দুই পক্ষকে নিয়ে বৈঠক হয়।
প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে কলেজের অধ্যক্ষ বেলাল আলম সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য ছাত্রলীগের উভয় পক্ষকে নিয়ে বৈঠক হয়েছে। উভয় পক্ষকে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে লিখিতভাবে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, কলেজ ক্যাম্পাস এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।