রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন ছাত্রদের নিজেদের দলে টানাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহত ছাত্রদের পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের ঘটনায় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ ভাঙচুর করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলাকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাস এবং ছাত্রলীগের নেতা মোস্তফা পাটওয়ারীর সমর্থকেরা একজন নবাগত ছাত্রকে তাঁদের নিজ নিজ এলাকার বলে দাবি করেন। এ সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একে অপরকে এ সময় চেয়ার ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করেন। এতে মোস্তফা পাটওয়ারী-সমর্থিত ছাত্রলীগের কর্মী মোফাচ্ছের রহমান, প্রদীপ কর্মকার ও তানভীর আহমদ আহত হন। এ ঘটনার পর দেবাশীষ গ্রুপের কর্মীরা কবি কাজী নজরুল ইসলাম হলের ১১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন।
এ বিষয়ে দেবাশীষ দাস বলেন, সাধারণ ছাত্রদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এটা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ ঘটাবে না।