ছাত্রলীগের দুই দফা মারধর, চিকিৎসাকালে ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আবারও ছুরিকাঘাতের শিকার হলেন ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যবসায়ী। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এদিকে পুলিশ আহত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি পুলিশ প্রহরায় বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, সরকারি কলেজের প্রধান ফটকসংলগ্ন একটি ফটোস্ট্যাট দোকানের মালিক নাদিম ও তাঁর ভাই নয়নকে গতকাল বুধবার দোকান থেকে বের করে মারধর করেন ছাত্রলীগের একদল কর্মী। তাঁরা নাদিমের পিঠে ও হাতে ছুরিকাঘাত করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময় তাঁরা নাদিমকে দ্বিতীয় দফা মারধর ও ছুরিকাঘাত করেন। পরে পুলিশ আহত নাদিমকে গ্রেপ্তার করে।জানা গেছে, স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার সংবাদিক বেলাল মাহমুদ গত মঙ্গলবার বাণিজ্য মেলায় যান। তিনি সাংবাদিক পরিচয়ে স্থানীয় ওই মেলায় ঢুকতে চাইলে টিকিট তল্লাশির দায়িত্বে থাকা ছাত্রলীগের কর্মী বাছিরের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে গতকাল বেলাল মাহমুদের ছোট ভাই ছাত্রদলের কর্মী মান্না দলবল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসংলগ্ন রেলগেট এলাকায় বাছিরকে মারধর করে। এ ঘটনার পরই নাদিম ও তাঁর ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে।এর আগে ছাত্রলীগের ২৫-৩০ জন কর্মী শহরে মিছিল বের করেন। তাঁরা মৌলভীপাড়ায় বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি হারুন-আল-রশিদের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন।বিএনপির নেতা হারুন-আল-রশিদ বলেন, সামান্য একটি ঘটনা নিয়ে ছাত্রলীগ শহরে তাণ্ডব সৃষ্টি করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন নাদিমকে ছুরিকাঘাত করেছে। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে সন্ত্রাসের শিকার নাদিমকে গ্রেপ্তার করেছে।ছাত্রলীগের সদ্যবিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন বলেন, বাছিরের ছোট ভাইয়ের বন্ধুরা হাসপাতালে নাদিমকে মারধরের চেষ্টা করেছে। কিন্তু তিনি (আকবর) তাঁদের নিবৃত্ত করেছেন। তিনি বলেন, বাছিরকে মারধর করতে দেখে ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা নাদিম ও নয়নকে মারধর করে থাকতে পারেন।