ছাত্রলীগের দুই নেতা-কর্মীর বাসা ও দোকানে হামলা ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল হাসানের স্টেশনারি দোকান এবং ছাত্রলীগের কর্মী ইয়াসিন আরাফাতের বাড়িতে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে ইয়াসিন আরাফাতের বাবা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেনসহ ১২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেছেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না।’ মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সালাহ্ উদ্দিন বলেন, এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেনসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।