সিলেটের এমসি কলেজের পাশের এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।আহত নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য অসীম কান্তি কর (২৪) ও কর্মী রাজু আহমেদ (১৮)। অসীম সিলেট সরকারি কলেজের বিএসএস তৃতীয় বর্ষের ও রাজু দ্বাদশ শ্রেণীর ছাত্র।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী চিকিৎসকদের বরাত দিয়ে রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, অসীমের ডান হাত ও রাজুর ডান পায়ের রগ কাটা থাকায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। দুজনের শরীরের বিভিন্ন জায়গায় কোপ ও ক্ষতচিহ্ন রয়েছে। রাত নয়টায় তাঁদের অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।আহত ব্যক্তিদের বরাত দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, সোমবার সন্ধ্যায় শিবিরের আট-দশজন কর্মী ধারালো অস্ত্র নিয়ে নগরের বালুচর ফোকাস আবাসিক এলাকার ১০৫ নম্বর বাড়ির মেসে ঢোকেন। সেখানে তাঁরা ছাত্রলীগের অসীম ও রাজুকে কোপাতে থাকেন। খবর পেয়ে বালুচরের পাশে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাসসহ ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। এ সময় শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশও সেখানে পৌঁছায়। আহতদের রাত আটটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, অসীমের ডান হাতের কবজিতে কোপ। ওই হাতের রগ কেটে যাওয়ায় রক্তক্ষরণ হচ্ছিল। একইভাবে রাজুর ডান পাসহ শরীরের বিভিন্ন স্থানে ছিল কোপের চিহ্ন।ছাত্রলীগের নেতা দেবাংশু দাস প্রথম আলোকে বলেন, উদ্ধারকালে অসীম ও রাজু জানিয়েছেন, এমসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এনামুল মনোয়ারের নেতৃত্বে হামলা হয়। সংখ্যায় তাঁরা আট-দশজন ছিলেন। অস্ত্রধারী কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।ছাত্রশিবিরের নেতা এনামুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর শিবিরের এক নেতা দাবি করেন, এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানোর ঘটনার পর থেকে শিবিরের কোনো নেতা-কর্মী ওই এলাকায় অবস্থান করছেন না। তাই হামলাকারী হিসেবে ছাত্রলীগের দাবি সঠিক নয়।শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বালুচর এলাকার কয়েকজন বাসিন্দাও হামলাকারী হিসেবে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নাম পুলিশকে জানিয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।