ছাত্রলীগের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রলীগের নেতা হেভেন চৌধুরী মারা গেছেন। তাঁর লাশ নিয়ে গতকাল রোববার নবীগঞ্জ সদরে শোক মিছিল করেন এলাকাবাসী। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের সময় হামলায় আহত ছাত্রলীগের নেতা মো. শাহীন মিয়া (২২) মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন নিয়ে কলেজ কমিটির সভাপতি প্রার্থী (উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক) মো. পারভেজের সঙ্গে উপজেলা ছাত্রলীগের অপর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের বিরোধ দেখা দেয়। গত ২৪ ফেব্রুয়ারি শহরের নতুন বাজার এলাকায় পারভেজ ও তাঁর সঙ্গী উপজেলা ছাত্রলীগের সদস্য হেভেন চৌধুরীর ওপর অতর্কিতে হামলা চালান আবুল কাশেম ও তাঁর সমর্থকেরা। এতে হেভেন চৌধুরী গুরুতর আহত হন। তাঁকে প্রথমে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হেভেন চৌধুরী গত শুক্রবার রাতে মারা যান। নিহত হেভেন চৌধুরীর বাড়ি উপজেলার বোরহানপুর গ্রামে। তিনি ওই গ্রামের মকবুল চৌধুরীর ছেলে।
গতকাল সকালে হেভেনের লাশ নিয়ে বোরহানপুর ও এর আশপাশের নয়টি গ্রামের শত শত মানুষ শোক মিছিল বের করেন। মিছিলকারীরা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে বোরহানপুর থেকে নবীগঞ্জ উপজেলা সদরে আসেন। পরে লাশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে ক্ষুব্ধ লোকজন ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি জানান।
গতকাল দুপুরে হেভেন চৌধুরীর জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজনগরের মোকামবাজারের ব্যবসায়ী ও স্থানীয় অনেকে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মোকামবাজারে পূর্ববিরোধের জের ধরে স্থানীয় দুই যুবকের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে মো. শাহীন মিয়াসহ উভয় পক্ষে ১২-১৩ জন আহত হন। শাহীন মিয়াকে প্রথমে পাশের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে শাহীন মিয়া মারা যান। তিনি ফতেহপুর ইউনিয়নের মুনিয়ারপার গ্রামের মো. মবশ্বির আলীর ছেলে।