ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শিশিরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের ‘দরপত্র’ পছন্দের প্রার্থীকে দেওয়া নিয়ে গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে তাঁর দপ্তরে লাঞ্ছিত করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ আরও কয়েক জন। সৈয়দ আলম ৮ মার্চ পর্যন্ত ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ছিলেন।
এ ঘটনায় গত শনিবার সিরাজুল ইসলাম এবং শামীম আহমেদকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিরাজুল ইসলাম অর্থনীতি ও শামীম আহমেদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র।