ছাত্রলীগের দুই নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের দুই নেতা হত্যার ঘটনায় হওয়া দুটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্র ও গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
নান্দাইল মডেল থানার পুলিশ গত শক্রবার রাতে মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলাম (১৯) হত্যা মামলার প্রধান আসামি মো. আবুল কালামকে (৪৮) গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঈশ্বরগঞ্জ থানার পুলিশ গতকাল সকালে শহরের মরাখলা এলাকা থেকে মো. ইমরান মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইমরান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ ওরফে সোহেল হত্যা মামলার এজাহারভুক্ত আসমি।
নান্দাইল থানার পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসাছাত্র আশরাফুল ইসলাম নান্দাইল উপজেলার ঝাউগড়া গ্রামের মৃত আবদুল হামিদ ভূঁইয়ার ছেলে ও আচারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। গত বছরের ২ অক্টোবর রাতে আশরাফুল নানির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ঘটনার দুই দিন পর (৪ অক্টোবর) নিহত ব্যক্তির ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ১৪-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে জেলার অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) তদন্ত করছে।
ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ১৭ মে ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাত্রলীগের মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ নিহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মো. শাকিল আহমেদ বাদী হয়ে ইমরানসহ ১২ জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গতকাল ইমরানকে পুলিশ গ্রেপ্তার করে। ১৯৯৯ সালে তিনি ছাত্রশিবিরের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় শিবিরের সাবেক নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আজ (রোববার) তাঁকে আদালতে হাজির করা হবে।