ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল মঙ্গলবার ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়া দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু ও সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ার। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁদের ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির ওপর বহিরাগত সন্ত্রাসী হামলার অভিযোগ আনে ছাত্রলীগ। এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ভাঙচুর চালান ও প্রক্টরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানকে প্রক্টর কার্যালয়ের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও তাঁকে উপাচার্যের বাসভবনের সামনে মারতে উদ্যত হন।
নোটিশে উল্লেখ করা হয়, ২ জুলাই অভিযুক্তরা যা করেছে তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাদের এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।