খুলনার বটিয়াঘাটা উপজেলায় দেড় কোটি টাকার কাজের দরপত্র জমাদানে বাধা দিলে ছাত্রলীগের দুই নেতাকে মারধর করেছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।এর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বটিয়াঘাটা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে দরপত্র বাতিল ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।প্রত্যক্ষদর্শী ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘তৃতীয় পর্যায় প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে’ দুটি গ্রুপে এক কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকায় তিনটি বিদ্যালয় ভবনের কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। এ উপলক্ষে সকাল থেকে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী প্রকৌশল দপ্তরের কাছে অবস্থান নেন এবং তাঁদের পছন্দের লোকদের দরপত্র জমা দিতে দেন। দুপুর ১২টার দিকে খুলনা থেকে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান তাঁর কয়েকজন সঙ্গী নিয়ে দরপত্র জমা দিতে যান। ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলে দুজনকে মারধর করেন যুবলীগের নেতা-কর্মীরা। এতে বটিয়াঘাটা ছাত্রলীগের সদস্য মেহরাব হোসেন ও জলমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম আহত হন।এ ব্যাপারে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মশিউর রহমান দাবি করেন, ‘সকাল ১০টা থেকে লোকজন দরপত্র জমা দিতে থাকে। দুপুর ১২টার দিকে খুলনা জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান, হাদিউজ্জামান, ফরিদ রানাসহ কয়েকজন এসে দরপত্র দাখিলে বাধা দেয়। ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে মেহরাব ও মনিরুলকে মারধর করে।’ অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ওরা (বটিয়াঘাটা ছাত্রলীগের নেতা-কর্মী) ওখানে কাউকে দরপত্র জমা দিতে দিচ্ছিল না। এমনকি আমাকেও বাধা দেয়। তখন আমি জেলা যুবলীগের নেতা হিসেবে তাদের শাসন করেছি। তা ছাড়া তারা কেউ ঠিকাদারও নয়।’যোগাযোগ করলে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মমিনুর রহমান বলেন, ‘তৃতীয় পর্যায় প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে এক কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকায় তিনটি বিদ্যালয় ভবনের কাজে ১৮টি দরপত্র বিক্রি হয়। গতকাল সকাল ১০টা থেকে দরপত্র জমা দেওয়া শুরুর কিছু সময় পর স্থানীয় নেতারা বাইরে থেকে আসা ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেয়। এ নিয়ে অফিস থেকে কিছুটা দূরে তাদের মধ্যে ঝগড়া বাধে। তখন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।’দুটি গ্রুপে একটি বিদ্যালয়ের কাজে ১০টি এবং অন্য দুটি বিদ্যালয়ের কাজে চারটি দরপত্র, অর্থাৎ মোট ১৪টি দরপত্র জমা পড়েছে বলে জানান মমিনুর। সংঘর্ষের ব্যাপারে বটিয়াঘাটা ইউএনও শান্তিমণি চাকমা বলেন, ‘এটি সম্পূর্ণ দলাদলি। সকাল থেকে পুলিশ মোতায়েন করেছিলাম। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। তেমন কিছু না।’