ছাত্রলীগের দুই নেতার আবার আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে দোকান উচ্ছেদের সময় গুলিবর্ষণকারী ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতা আবার আত্মসমর্পণ করার পর গতকাল বৃহস্পতিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। প্রায় দুই মাস পলাতক থাকার পর গতকাল তাঁরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেন।
এই দুজন হলেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। এর আগে ১৭ নভেম্বর তাঁরা আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন। পরে জামিন বাতিল হলে তাঁরা পলাতক থাকেন।
আদালত সূত্র বলেছে, ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাব্বির ও আশিকুর গতকাল সকালে আদালতে হাজির হয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় জামিনের আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম সরফুজ্জামান আনসারী শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়।
ওই মামলার তদন্ত তদারক কর্মকর্তা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ছাত্রলীগের দুই নেতার আত্মসমর্পণ করার কপি আদালত থেকে তাঁরা হাতে পাননি।
আদালত সূত্র বলেছে, গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ডিএসসিসির কর্মচারী এবং একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়। সাব্বির ও আশিকুরের ফাঁকা গুলিবর্ষণের ছবি প্রথম আলোতে ছাপা হয়। এই ছবি প্রকাশিত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তাঁদের দুজনকে সংগঠন থেকে বহিষ্কার করে। এ ঘটনার পর তাঁরা দুজন আত্মগোপন করেন।
শাহবাগ থানায় ওই ঘটনায় করা মামলায় গত ১৭ নভেম্বর সাব্বির ও আশিকুর সশরীরে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পান। জামিন পাওয়ার বিষয়টি জানাজানি হলে মামলার তদন্ত কর্মকর্তা ওই দুই আসামির জামিন বাতিল করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ৪ ডিসেম্বর ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু সাব্বির ও আশিকুর হাজির না হওয়ায় আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এত দিন তাঁরা পলাতক থাকার পর গতকাল আদালতে আত্মসমর্পণ করেন।